
কলকাতা, ২০ জুলাই (হি স): ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৩ জন যুব কংগ্রেস কর্মীর। সেই ঘটনায় শহিদ হয়েছিলেন বরাহনগরের বিশ্বনাথ রায়ও। অতীতে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ২১ জুলাই শহিদ সমাবেশের মঞ্চে গিয়েছিল তাঁর পরিবার। কিন্তু এবারে “রাজনীতির অংশ হব না” বলে এদিন বার্তা দিল বিশ্বনাথ রায়ের পরিবার।
সোমবার ওই পরিবার স্পষ্ট জানিয়ে দিল, কোনও পক্ষের মঞ্চেই তাঁরা যাবেন না। বরাহনগরের নরসিংহ প্রসাদ রোডের এই পরিবার ২০২৪ সাল থেকে শহিদ দিবস বয়কট করে আসছে।
রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস ভেঙে খানখান। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত বন্দ্যোপধ্যায়ের ‘আসল’ তৃণমূলে ক্রমশ ভিড় বাড়ছে নেতাদের। নতুন করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা। ২১ জুলাই শহিদ দিবস কালীঘাট তৃণমূল ও আসল তৃণমূল দুই শিবিরই করতে চলেছে। দুই শিবিরই আলাদা কর্মসূচির প্রস্তুতিতে ব্যস্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত