
দুর্গাপুর, ২০ জুলাই (হি. স.) : দুর্গাপুরের সিটি সেন্টারের নগর নিগম মোড় থেকে অবশেষে সরিয়ে ফেলা হলো ‘বিশ্ব বাংলা’র লোগো। সোমবার দুপুরে প্রশাসনের উপস্থিতিতে ক্রেনের সাহায্যে লোগোটি খুলে নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই প্রশ্ন উঠছিল, গুরুত্বপূর্ণ মোড়ে কেন এখনও ‘বিশ্ব বাংলা’র লোগো বহাল রয়েছে। শাসক শিবিরের একাংশের দাবি ছিল, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্থাপিত প্রতীকী চিহ্নগুলি এখনও অপসারণ করা হয়নি। সোমবারের এই পদক্ষেপের মাধ্যমে সেই বিতর্কের একটি অধ্যায়ের অবসান ঘটল বলে রাজনৈতিক মহলের একাংশের মত।এ প্রসঙ্গে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, পূর্ববর্তী সরকার ‘বিশ্ব বাংলা’র নামে অশোক স্তম্ভ সরিয়ে দিয়েছিল। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে আবার অশোক স্তম্ভকে তার যথাযথ মর্যাদা ফিরিয়ে দেওয়া হচ্ছে। সেই কারণেই ‘বিশ্ব বাংলা’র লোগো অপসারণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।তবে এই বিষয়ে পূর্ববর্তী সরকারের বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও লোগো অপসারণের কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক কৌতূহল লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়