
মুর্শিদাবাদ, ২০ জুলাই (হি.স.): নিখোঁজ হওয়ার পরদিন দুপুরে নদী থেকে উদ্ধার হলো এক ব্যক্তির বস্তাবন্দি মৃতদেহ। সোমবার দুপুরে মুর্শিদাবাদের নওদা থানা এলাকার জলঙ্গি নদীতে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শম্ভুনাথ হালদার। তিনি নওদার গোঘাটা এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে খবর, রবিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি। সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা জলঙ্গি নদীতে একটি বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার পুলিশ। নদী থেকে বস্তাটি উদ্ধার করে খোলার পর তার ভেতর থেকে শম্ভুনাথবাবুর মৃতদেহটি পাওয়া যায়।
দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। এরপর প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে দেহটি বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। এই ঘটনার পেছনে পুরোনো শত্রুতা বা অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ