
মুম্বই, ২০ জুলাই (হি.স.): সোমবার সকালে মুম্বইয়ে ঘটে গেল এক মর্মান্তিক পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার থাকা ডিভাইডারে ধাক্কা মারল একটি যাত্রিবাহী বাস। বাসের ধাক্কায় এক ৬২ বছর বয়সি পথচারীর মৃত্যু হয়েছে| বাসের ভেতরে থাকা অন্তত ১০ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালের ব্যস্ত সময়ে বাসটি তীব্র গতিতে আসছিল। বাসচালকের দাবি, আচমকাই বাসটির ব্রেক ফেল করে। চালক আপ্রাণ চেষ্টা করেও বাসের গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। শেষ পর্যন্ত বাসটি রাস্তার ধারের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। সেই সময় ওই ডিভাইডারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বছর ৬২-র এক ব্যক্তি। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পাশাপাশি, দুর্ঘটনার অভিঘাতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হন। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁরা সকলেই চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ