
ইটানগর, ২০ জুলাই (হি.স.) : অরুণাচল প্রদেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭২,৭৫১ টাকা অনুদান প্রদান করেছে অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্টস ইউনিয়ন (এআইসিএসইউ)। এই উদ্যোগে সহযোগিতা করেছে অরুণাচল প্রদেশ চাকমা স্টুডেন্টস ইউনিয়ন (এপিসিএসইউ), চাকমা মহিলা সমিতি এবং বিভিন্ন সামাজিক সংগঠন।
দিয়ুন-এর অতিরিক্ত সহকারী কমিশনার টি তামা, এপিসিএস (সিনিয়র গ্রেড)-এর হাতে অনুদানের চেক তুলে দেন এআইসিএসইউ-এর সভাপতি অ্যাডভোকেট দৃশ্যমুনি চাকমার নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন এপিসিএসইউ-এর সাধারণ সম্পাদক অভীশ চাকমা, এআইসিএসইউ-এর সাংগঠনিক সম্পাদক চিকন্দ চন্দ চাকমা, চাকমা মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক করিশ্মা চাকমা এবং প্রতিনিধি রূপা চাকমা ও জুনি চাকমা।
ছাত্র সংগঠনের সভাপতি অ্যাডভোকেট দৃশ্যমুনি চাকমা বলেন, এপিসিএসইউ, চাকমা মহিলা সমিতি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আয়োজিত 'ফ্লাড রিলিফ ডোনেশন ড্রাইভ'-এর মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, দিয়ুন সার্কলের বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রী, শিক্ষক, ব্যবসায়ী, দিনমজুর, প্রবীণ নাগরিক এবং সাধারণ মানুষ এই ত্রাণ সংগ্রহ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন।
এআইসিএসইউ-এর সভাপতি অ্যাডভোকেট দৃশ্যমুনি চাকমা বলেন, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। মানবিক সহায়তার উদ্দেশ্যেই এই ত্রাণ সংগ্রহ অভিযান পরিচালিত হয়েছে। তিনি এই উদ্যোগে সহযোগিতার জন্য সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
অনুদান গ্রহণ করে অতিরিক্ত সহকারী কমিশনার টি. তামা এআইসিএসইউ এবং সহযোগী সংগঠনগুলির মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের সম্মিলিত উদ্যোগ সমাজে ঐক্য, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চেতনাকে আরও সুদৃঢ় করে। পাশাপাশি দুর্যোগের সময় একে অপরের পাশে থাকার আহ্বানও জানান তিনি।
এআইসিএসইউ এই উদ্যোগে সহায়তাকারী সকল দাতা, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি নিউ রাইজিং ইংলিশ একাডেমি, জ্যোৎস্নাপুর, স্নেহা স্কুল, দিয়ুন, করুণা বিদ্যা নিকেতন, দিয়ুন, গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল, ডাম্পাথার, গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল, গৌতমপুর, দিয়ুন বাজার কমিটি, বিজয়পুরের বাসিন্দারা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করেছে।
দৃশ্যমুনি চাকমা জানান, ভবিষ্যতেও মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস