
হাফলং (অসম), ২০ জুলাই (হি.স.) : ডিমাসা পিপলস কাউন্সিল (ডিপিসি) আসামের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ৪৫ সদস্যের এক প্রতিনিধি দল সম্প্রতি দিশপুরে অবস্থিত অসম সচিবালয়ে সমতল জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী ডা. রণোজ পেগুর সঙ্গে সাক্ষাৎ করে ডিমাসা সম্প্রদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে একটি দাবি সনদ পেশ করেছেন।
প্রতিনিধিদলে ডিপিসির ব্রহ্মপুত্র উপত্যকা কমিটি, ডিমা হাসাও, কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং, হোজাই, নগাঁও, শ্রীভূমি, হাইলাকান্দি ও কাছাড় জেলা কমিটির প্রতিনিধিদের পাশাপাশি ওদালগুড়ি, তামুলপুর ও বাকসা জেলার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এছাড়া লঙ্কার লালুংডুবি খারিখানা এলাকার বীর ডেমালু মেমোরিয়াল কলেজ, ডিমাসা সাহিত্য সভা (বিটিএডি), হালালি প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি (উমরাংসো-গরমপানি), হিরিম্বা বর্মণ সমিতি (শ্রীভূমি) এবং অন্যান্য ডিমাসা সংগঠনের প্রতিনিধিরাও বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রতিনিধিদল ডিমাসা ন্যাশনাল সিকিউরিটি ফোর্স (ডিএনএসএফ), ডিএইচডি উভয় গোষ্ঠী এবং ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)-র সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (মস)-এর কার্যকর বাস্তবায়নের দাবি তুলেছেন। পাশাপাশি ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকা এবং অসমের পার্বত্য জেলাগুলিতে বসবাসকারী ডিমাসা কাছাড়ি জনগোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ও মন্ত্রীর সামনে তুলে ধরা হয়।
ডিপিসির দাবি, ডা. রণোজ পেগু প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়নের পাশাপাশি ডিমাসা সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
ডিমাসা পিপলস কাউন্সিল-এর প্রতিনিধিদলকে সাক্ষাতের সুযোগ দেওয়া এবং ডিমাসা জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে ইতিবাচক আশ্বাস প্রদানের জন্য জনজাতি কল্যাণমন্ত্রী ডা. রণোজ পেগুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ডিমাসা পিপলস কাউন্সিল-এর সভাপতি দিলীপ নুনিসা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব