শ্রাবণের সোমবারে বক্রনাথের গর্ভগৃহে প্রবেশ নয়; নির্দিষ্ট চোঙায় জল ঢেলে জলাভিষেক
বীরভূম, ২০ জুলাই (হি. স.): শ্রাবণ মাসের প্রথম সোমবারে বীরভূমের বক্রেশ্বর শিবমন্দিরে দেখা গেল এক ভিন্ন চিত্র। ভক্তদের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে রাখতে মন্দির কর্তৃপক্ষ, সেবায়েত ও জেলা পুলিশের যৌথ সিদ্ধান্তে এদিন থেক
গর্ভগৃহে প্রবেশ নয়


বীরভূম, ২০ জুলাই (হি. স.): শ্রাবণ মাসের প্রথম সোমবারে বীরভূমের বক্রেশ্বর শিবমন্দিরে দেখা গেল এক ভিন্ন চিত্র। ভক্তদের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে রাখতে মন্দির কর্তৃপক্ষ, সেবায়েত ও জেলা পুলিশের যৌথ সিদ্ধান্তে এদিন থেকে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। সেই অনুযায়ী, শ্রাবণের সোমবারগুলিতে ভক্তরা আর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে বাবা বক্রনাথের শিবলিঙ্গে সরাসরি জল ঢালতে বা পুজো করতে পারবেন না।মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ভক্তদের জন্য বিশেষ একটি চোঙা বা পাইপের ব্যবস্থা করা হয়েছে। ভক্তরা সেই নির্দিষ্ট চোঙায় জল ঢালবেন এবং সেই জল সরাসরি শিবলিঙ্গের ওপর পৌঁছে যাবে। দেশের বিভিন্ন প্রাচীন শিবক্ষেত্রে এই ব্যবস্থা আগে থেকেই চালু থাকলেও বক্রেশ্বরে এবারই প্রথম এই নিয়ম কার্যকর হল।পাপহরা নদীর তীরে অবস্থিত বক্রেশ্বর শিবমন্দির পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন শৈব তীর্থ এবং ৫১টি সতীপীঠের একটি। মন্দিরের পাশেই রয়েছে ঔষধি গুণসম্পন্ন একাধিক প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ। প্রতি বছর শ্রাবণ মাসে হাজার হাজার শিবভক্ত এখানে পুণ্যলাভের আশায় ভিড় জমান। পুলিশ প্রশাসনের দাবি, ভক্তদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে দর্শনের সুযোগ করে দিতেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। মন্দিরে আগত অধিকাংশ ভক্তও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande