
হাইলাকান্দি (অসম), ২০ জুলাই (হি.স.) : হাইলাকান্দি শহরের নতুনপাড়া এলাকায় বাউরঘাট পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী স্বপন দাসের বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে হাইলাকান্দি পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে রবিবার বিকালে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করার পাশাপাশি ২১ গ্রাম সোনা এবং বিপুল পরিমাণ রুপোর অলঙ্কার উদ্ধার করেছে। তবে চুরি যাওয়া নগদ অর্থ এবং কিছু মূল্যবান স্বর্ণালঙ্কার এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ সোমবার সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত পাঁচজন রাঙ্গাউটি গ্রামের রিজু আহমেদ মজুমদার, বাহাদুরপুর এলাকার আকবর হুসেন লস্কর, গাঙপার ধুমকর এলাকার ই-রিকশাচালক জাবেদুল হক, একই এলাকার প্রসেনজিৎ রায় এবং হাইলাকান্দি শহরের সিরাজপট্টি এলাকার তাজমহল জুয়েলার্স-এর স্বত্বাধিকারী নাহারুল ইসলাম বড়ভূঞা।
পুলিশের প্রাথমিক তদন্তে ধৃতদের বিরুদ্ধে চুরি সংঘটিত করা, অভিযুক্তদের পালাতে সহায়তা করা, চোরাই মালামাল বিক্রি এবং ক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে।
পুলিশ জানিয়েছে, চুরিকৃত বাকি নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী উদ্ধারের জন্য তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস