

গুয়াহাটি, ২০ জুলাই (হি.স.) : রাজ্যে চলমান বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে অসমের স্বাস্থ্য দফতরকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং বন্যাদুর্গতদের যথাযথ পরিষেবা প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বন্যাকবলিত সমস্ত এলাকায় ইতিমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ মেডিক্যাল দল মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকার ঝুঁকিপূর্ণ মানুষদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং বন্যা-পরবর্তী সংক্রামক রোগের সম্ভাব্য প্রাদুর্ভাব রোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ড. শর্মা স্বাস্থ্য দফতরকে আরও নির্দেশ দিয়েছেন, সব সময় যেন পর্যাপ্ত পরিমাণে ওষুধ, জীবনরক্ষাকারী চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম মজুত রাখা হয়, যাতে বন্যাদুর্গত মানুষের জরুরি স্বাস্থ্য পরিষেবা প্রদানে কোনও ধরনের বিঘ্ন না ঘটে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। বন্যাকবলিত জেলাগুলিতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য পরিষেবা এবং ত্রাণ ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস