
কলকাতা, ২০ জুলাই (হি.স.): দিল্লিতে ছাত্র ও যুবদের বিক্ষোভ চলাকালীন পুলিশের লাঠিচার্জ ও পদক্ষেপ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে তিনি এই পুলিশি পদক্ষেপের কড়া সমালোচনা করে বলেন, গণতন্ত্রে প্রশ্নের উত্তর লাঠিচার্জ বা কাঁদানে গ্যাসে হতে পারে না, তা হওয়া উচিত আলোচনার মাধ্যমে।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে উল্লেখ করেন, এই দেশ ছাত্র, কৃষক, নারী, শ্রমিক সহ প্রতিটি নাগরিকের। দ্বিমত বা অসন্তোষ প্রকাশ করা একটি গণতান্ত্রিক অধিকার এবং সেটিকে অপরাধ হিসেবে দেখা উচিত নয়। তাঁর মতে, বলপ্রয়োগ কখনো সুশাসনের বিকল্প হতে পারে না।
বিক্ষোভকারী ছাত্র ও যুবদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, তাঁদের দাবি ও উদ্বেগের কথা গুরুত্ব সহকারে শোনা উচিত। পাশাপাশি সমগ্র ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানান তিনি।
বার্তার শেষে আন্দোলনকারী যুবদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁরা পুরো দেশের সামনে নির্ভীকভাবে নিজেদের বক্তব্য তুলে ধরার বাস্তব উদাহরণ স্থাপন করেছেন।
প্রসঙ্গত, সোমবার দিল্লিতে সংসদ অভিযানের উদ্দেশ্যে বিপুল সংখ্যক ছাত্র ও যুব রাস্তায় নামেন। আন্দোলনকারীদের আটকানো কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ভিড় নিয়ন্ত্রণে পুলিশ ব্যারিকেড গড়ে তোলে, কাঁদানে গ্যাসের শেল ফাটায় ও বলপ্রয়োগ করে। শিক্ষাব্যবস্থার সংস্কার সহ একাধিক দাবিতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি