
কলকাতা, ২০ জুলাই (হি. স. ) : তারামণ্ডলের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে, সেটা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। তাই গন্ডগোল হলে গুলি চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিধায়ক মদন মিত্র।
তাঁকে ‘চমকে’ লাভ হবে না। নাম ধরে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। জানিয়ে দিলেন, প্রাণের ভয় তাঁর নেই। অভিষেককে ‘অপরাধী’ বলতেও ছাড়েননি মদনবাবু। এ-ও জানিয়েছেন, অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়— কেউ কিছু বললে তাঁর কিছু আসে-যায় না। তবে ২১ জুলাই মমতাকে ‘কেয়ারফুল’ থাকতে বলেছেন অতীতে তাঁর আস্থাভাজন বলে পরিচিত মদন।
গত বুধবার বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান কামারহাটির তৃণমূল বিধায়ক। ঋতব্রতের ঘরে বসেই কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী আরও জানান, শিবির বদলের আগে মমতাকে হোয়াট্সঅ্যাপ করে ‘সরি’ বলেছেন তিনি। রবিবার রাতে সমাজমাধ্যমে লাইভ করে সেই মমতার দিকেই ঠারেঠোরে আঙুল তুলেছেন মদন মিত্র। আক্ষেপ করেছেন, ‘‘প্রাপ্যটা দেননি। বড় গায়ে লাগে।’’
তার পরেই তিনি একের পর এক তোপ দেগেছেন অভিষেককে। তিনি বলেন, ‘‘একটা কথা অভিষেককে বলি, আমাদের চমকে-ধমকে লাভ নেই! তুই ডায়মন্ড হারবার নিয়ে যাঁকে চমকাতে পারিস (চমকাস), আমাকে চমকাস না।’’ কারণ, প্রাণের ভয় তাঁর নেই। ক’দিন আগে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলেও দাবি করেছেন মদন। তবে সে সবে তিনি পাত্তা দেন না বলে জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত