
ইমফল, ২০ জুলাই (হি.স.) : মণিপুরের ইমফল পূর্ব জেলায় এক দম্পতির বাড়িতে ঢুকে সশস্ত্র হামলার ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার ভোররাতে সংগঠিত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ (সোমবার) ভোররাত প্রায় ০২:৩০ মিনিট নাগাদ কেইরাও ওয়াংখেম এলাকায় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ওই দম্পতির বাড়িতে বলপূর্বক প্রবেশ করে। এর পর আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫২ বছর বয়সি এন থাম্বৌয়ের। তাঁর স্ত্রী এন কেইনাতোম্বি দেবী গুরুতর জখম হন। তাঁকে দ্রুত শিজা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক, নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে।
নিহত এন থাম্বৌয়ের দেহ ময়নাতদন্তের জন্য জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এর মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তালাশি চালানো হচ্ছে। ইতিমধ্যে এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে, জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস