
কলকাতা, ২০ জুলাই (হি.স.): রাজ্য বিধানসভায় পঞ্চায়েত দফতরের বাজেট আলোচনায় অনুপস্থিত পঞ্চায়েত প্রধানদের উদ্দেশে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি পঞ্চায়েত ব্যবস্থায় বড় ধরনের প্রশাসনিক পরিবর্তনের ফের ইঙ্গিত দিলেন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ। পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা কমানোর জন্য নতুন বিল আনা হবে বলেও ঘোষণা করেন মন্ত্রী।
এদিন পঞ্চায়েতের প্রধানদের উদ্দেশে দিলীপ ঘোষ হুঁশিয়ারির সুরে বলেন, ''যদি পঞ্চায়েতে না আসেন তাহলে হয় পদত্যাগ করুন, নয়তো পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতে নিয়ে আসা হবে!'' তাঁর ধারণা, লুট করে, দখল করে, জোর করে পঞ্চায়েতে জিতেছিলেন বলে এখন ভয়ে আর পঞ্চায়েত মুখী হতে পারছেন না তাঁরা।
তাঁর সংযোজন, যাঁরা আগে জোর করে, দখলদারি করে বা অনিয়মের মাধ্যমে পঞ্চায়েতের দায়িত্বে এসেছিলেন, তাঁদের অনেকেই এখন মানুষের সামনে যেতে ভয় পাচ্ছেন। সেই কারণেই তাঁরা পঞ্চায়েত কার্যালয়ে যাচ্ছেন না বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে এবং প্রশাসনিক কাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পঞ্চায়েত প্রধানদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা যেন দ্রুত কাজে যোগ দেন এবং সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া শুরু করেন। যদি নিরাপত্তা নিয়ে কোনও আশঙ্কা থাকে, তা হলে প্রশাসনের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেন তিনি। তাঁর বক্তব্য, ভয়কে অজুহাত করে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনও সুযোগ নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত