
চাঁচল (মালদা), ২০ জুলাই (হি. স.):-২১ জুলাইয়ের শহিদ সমাবেশকে সামনে রেখে মালদার চাঁচলে প্রস্তুতি সভা করল ঋতব্রত তৃণমূল। সোমবার থানাপাড়া এলাকার একটি বেসরকারি আবাসনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রায় ৩০০ থেকে ৪০০ কর্মী-সমর্থক। সভায় নেতৃত্ব দেন ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি তথা চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ও।সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট বণ্টন থেকে বিভিন্ন পদ বণ্টনের ক্ষেত্রে ব্যাপক আর্থিক লেনদেন হয়েছে। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে টিকিট ও প্রধানের পদ দেওয়া হয়েছে এবং টাকার রাজনীতির কারণেই দলের সাংগঠনিক ক্ষতি হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, ২১ জুলাইয়ের সমাবেশের টিকিট বণ্টন সংক্রান্ত আর্থিক লেনদেনের প্রমাণ দলের চেয়ারম্যান ও সভাপতির হাতে তুলে দেওয়া হবে।সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় সকলকে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, চাঁচলের মানুষের পাশে তিনি ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।অন্যদিকে, বিজেপি নেতা দীপঙ্কর রাম প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কটাক্ষ করে বলেন, তৃণমূলে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ বিজেপি দীর্ঘদিন ধরেই তুলে আসছে। এখন দলেরই এক বিধায়ক সেই অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়