
উত্তর ২৪ পরগনা, ২০ জুলাই (হি.স.) : রাজারহাটে ভাড়াবাড়িতে বিস্ফোরণ কাণ্ডে কলকাতা থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ হোসেন। এ নিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা হল ৩।
শুক্রবার রাতে রাজারহাটে সুপারিবাগানের একটি বাড়িতে বিস্ফোরণ হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয় দু’টি ঘর। জখম হন বাড়ির এক বাসিন্দা। ঘটনার তদন্তে নেমে কামারহাটি থেকে শামিম নামে এক ফল দোকানিকে গ্রেফতার করে পুলিশ। তিনি দিন কয়েক আগে রাজারহাটের বাড়িটি ভাড়া নিয়েছিলেন। তবে বিস্ফোরণের সময়, আগে বা পরে সেই ভাড়াবাড়িতে ছিলেন না।
শামিম এখন পুলিশের হেফাজতে। তাঁর বিরুদ্ধে অতীতে না অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে। নানা মামলা থাকায় কামারহাটি এলাকায় তিনি থাকতেন না। পরিবারও তাঁকে এড়িয়ে চলত।
সোমবার ধৃত ব্যক্তির বাড়ি মধ্যমগ্রামের রাজবাটি এলাকায়। তাঁকে নারায়ণপুর থানার পুলিশ পাকড়াও করেছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউটাউন জ়োনের ডিসি জ্যোতির্ময় রায় বলেন, ‘‘বিস্তারিত তদন্ত চলছে। তিন দিনের মধ্যে তিন জন গ্রেফতার হয়েছেন। ধৃতদের কাছ থেকে বিস্ফোরণ সম্পর্কিত আরও তথ্য জানার চেষ্টা করছি আমরা।’’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত