
বসিরহাট, ২০ জুলাই (হি. স.): বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র ওরফে বাদলের বিরুদ্ধে ‘নিখোঁজ’ লেখা পোস্টার পড়াকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বসিরহাটে রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার গভীর রাত থেকে বসিরহাট ১ নম্বর ব্লকের গাছা এলাকায় বিধায়কের ছবি-সহ একাধিক পোস্টার নজরে আসে। অল্প সময়ের মধ্যেই সেই পোস্টারের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক।পোস্টারে লেখা হয়েছে, “ভোটের পর থেকে নিখোঁজ বসিরহাট দক্ষিণের বিধায়ক সুরজিৎ মিত্র (বাদল)”। স্থানীয়দের একাংশের অভিযোগ, নির্বাচনের আগে বিধায়ক একাধিক প্রতিশ্রুতি দিলেও ভোটের পর তাঁকে এলাকায় দেখা যায়নি। সেই ক্ষোভ থেকেই পোস্টার পড়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।তবে পোস্টারগুলি কারা লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পোস্টারে কোনও ব্যক্তি বা সংগঠনের নাম উল্লেখ না থাকায় ঘটনাকে ঘিরে জল্পনা আরও বেড়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে বসিরহাট দক্ষিণের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপান-উতোর। সোমবার বিজেপি নেতা ডা. শৌর্য্য ব্যানার্জি দাবি করেন, এলাকার মানুষের ক্ষোভই এই পোস্টারের মাধ্যমে প্রকাশ পেয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়