
শান্তিপুর, ২০ জুলাই (হি. স.) : সোমবার নদীয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতে তাঁত ও হ্যান্ডলুম শিল্পের একটি প্রকল্পের অনাপত্তি পত্র (এনওসি) পাইয়ে দেওয়ার নামে ঘুস দাবি ও হয়রানির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সোমবার অভিযুক্ত পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পার্থ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা।অভিযোগকারী ব্যবসায়ী মুকুল অধিকারীর দাবি, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে চেন্নাইয়ের এক বিনিয়োগকারীর সহায়তায় চাপাতলা এলাকায় তাঁত শিল্পের একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। এই প্রকল্পে অন্তত ৫০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা ছিল। অভিযোগ, প্রকল্পের কাজ শুরু হওয়ার পর পঞ্চায়েতের পক্ষ থেকে তা বন্ধ করে দেওয়া হয় এবং পরে এনওসি দেওয়ার জন্য ঘুস দাবি করা হয়। তাঁর অভিযোগ, প্রথমে ৫ লক্ষ টাকা চাওয়া হলেও পরে প্রায় ৪ লক্ষ টাকা লেনদেন হয়েছে। তবুও এখনও পর্যন্ত এনওসি মেলেনি।ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা এবং অভিযোগের অর্থ ফেরতের দাবি তোলেন।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নির্মাণ সহায়ক পার্থ ঘোষ। তাঁর দাবি, এনওসি প্রদানের দায়িত্ব তাঁর নয়। নিয়ম মেনে নথিপত্র জমা পড়লে সংশ্লিষ্ট বিভাগই এনওসি দেয়। ঘুস লেনদেনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে তিনি জানান, প্রশাসনিক তদন্ত হলে তিনি পূর্ণ সহযোগিতা করবেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়