
কলকাতা, ২০ জুলাই (হি.স.) : এবার অ্যাম্বুল্যান্সের জন্য বিশেষ অ্যাপ আনা হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ওই অ্যাপেই যে কেউ দেখতে পারবেন কটি অ্যাম্বুল্যান্স ফাঁকা রয়েছে, কোন হাসপাতালে যেতে কত খরচ-সহ যাবতীয় তথ্য।
ঠিক ক্যাব-বাইক বুকিং অ্যাপের ধাঁচেই তৈরি করা হবে এই ‘অ্যাম্বুল্যান্স অ্যাপ’। সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসার পরিকাঠামোকে নতুন রূপ দিতে বিধানসভায় একগুচ্ছ পরিকল্পনা পেশ করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কয়েক কোটি টাকা খরচ করে রাজ্যকে বিশ্বমানের চিকিৎসা পর্যটন কেন্দ্র গড়ে তোলার বার্তা দেন তিনি। সেখানেই অ্যাম্বুল্যান্স অ্যাপের কথা উল্লেখ করেন তিনি।
অ্যাম্বুল্যান্সে দালালরাজের অভিযোগ দীর্ঘদিনের। সেই সমস্যা সমাধানেই অ্যাপ ভিত্তিক পরিষেবা চালুর ভাবনা বলে জানা গিয়েছে। নদীমাতৃক সুন্দরবনের জন্য থাকবে ৬টি ওয়াটার অ্যাম্বুল্যান্স ও ২টি ভাসমান মোবাইল মেডিকেল ইউনিট।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত