পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বাঁকুড়া থেকে পশুপতিনাথ সাইকেল যাত্রা
বাঁকুড়া, ২০ জুলাই (হি.স.) : পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বাঁকুড়া থেকে নেপালের পশুপতিনাথ মন্দিরের উদ্দেশ্যে শুশুনিয়া পাহাড়ের ঝরনার জল নিয়ে সাইকেল যাত্রা বের হলো সোমবার। এই সাইকেল যাত্রার উদ্যোক্তা বাঁকুড়ার ইন্দারাগোড়া বোল বোম কমিটি। এই সাইকেল যাত
পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বাঁকুড়া থেকে পশুপতিনাথ সাইকেল যাত্রা


বাঁকুড়া, ২০ জুলাই (হি.স.) : পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বাঁকুড়া থেকে নেপালের পশুপতিনাথ মন্দিরের উদ্দেশ্যে শুশুনিয়া পাহাড়ের ঝরনার জল নিয়ে সাইকেল যাত্রা বের হলো সোমবার। এই সাইকেল যাত্রার উদ্যোক্তা বাঁকুড়ার ইন্দারাগোড়া বোল বোম কমিটি।

এই সাইকেল যাত্রার সূচনা করতে বাঁকুড়া শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় ষাঁড়ের পিঠে মহাদেব, পার্বতী, নন্দী ও ভৃঙ্গী সেজে নৃত্য ছাড়াও মহিলা ঢাকি ও নৃত্যশিল্পীদের বেশ কয়েকটি দলকে অংশ নিতে দেখা যায়। তাঁদের নাচে ও গানে মেতে ওঠে বাঁকুড়া শহর। রাস্তার দু'পাশে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

সাইকেল যাত্রার উদ্যোক্তা ইন্দারাগোড়া বোল বোম কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, গত ২৬ বছর ধরে সমাজকল্যাণমূলক বিষয়ে জনচেতনা গড়ে তুলতে এই সাইকেল যাত্রা করে আসছেন। এবার তাঁরা প্লাস্টিক ব্যবহার কমানো ও নদী বাঁচানোর আবেদন জানিয়ে এই সাইকেল যাত্রায় বের হয়েছেন।

উদ্যোক্তাদের পক্ষে বিশ্বজিৎ কর্মকার জানান, ১৬ দিন সাইকেল চালিয়ে প্রায় ৯০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তাঁরা পশুপতিনাথ মন্দিরে পৌঁছাবেন। এর পূর্বে তাঁরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ন'টি স্থানে শুশুনিয়ার পবিত্র জল অর্পণ করেছেন। আগামী দিনে তাঁরা বাকী তিনটি স্থান পাড়ি দেবেন, এমনই মনোবাসনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande