
আরামবাগ, ২০ জুলাই (হি.স.)
সোমবার আরামবাগের চাঁদুর ইটপাঁজার ঢাল এলাকায় দুটি যাত্রীবাহী বাসের রেষারেষিকে কেন্দ্র করে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। এই ঘটনায় বড়সড় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্করপিও গাড়ি এবং আহত হয়েছেন বাস ও স্করপিওতে থাকা প্রায় ৮ থেকে ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের দিক থেকে আরামবাগের উদ্দেশে আসা দুটি যাত্রীবাহী বাস একে অপরকে টপকে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি স্করপিও গাড়ি এবং একটি মোটরবাইককে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে স্করপিও গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর জখম হন। বাসে থাকা বেশ কয়েকজন যাত্রীও আহত হন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজে হাত লাগান। তাঁদের অভিযোগ, ওই এলাকায় রাস্তা সংস্কারের কাজ চললেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। যদি যথাযথ ব্যারিকেড বা সতর্কতামূলক ব্যবস্থা থাকত, তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারত।
ঘটনাকে ঘিরে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসগুলির বেপরোয়া গতিতে চলাচল এবং রেষারেষির পাশাপাশি রাস্তা সংস্কারের সময় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকেই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA