
আরামবাগ , ২১ জুলাই (হি.স.): একুশে জুলাই মানেই দীর্ঘদিন ধরে গোঘাটে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের উৎসবমুখর পরিবেশ, দলীয় পতাকা, স্লোগান এবং ধর্মতলার শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে রওনা দেওয়ার দৃশ্য ছিল পরিচিত ছবি। তবে এ বছর সেই চেনা ছবি দেখা গেল না বলে দাবি উঠেছে।
মঙ্গলবার গোঘাটের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের বড় মিছিল বা দলীয় পতাকা নিয়ে কর্মী-সমর্থকদের ধর্মতলার উদ্দেশ্যে যেতে দেখা যায়নি। ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।
এ প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের দাবি, ভয় দেখিয়ে মানুষকে দীর্ঘদিন দলে ধরে রাখা যায় না। আদর্শবিহীন কোনও রাজনৈতিক দল দীর্ঘদিন টিকে থাকতে পারে না। এছাড়াও এ বছর তৃণমূলের দুটি পৃথক সমাবেশ থাকায় কর্মী-সমর্থকদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে, কে কোন সভায় যাবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, একুশে জুলাইকে কেন্দ্র করে প্রতি বছর রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের ব্যাপক কর্মসূচি থাকে। গোঘাট থেকেও বহু কর্মী-সমর্থক ধর্মতলার সমাবেশে যোগ দিতেন। তবে এ বছরের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA