
আরামবাগ, ২১ জুলাই (হি.স.): একুশে জুলাই শহীদ সমাবেশের দিন হুগলির আরামবাগে স্বাভাবিক জনজীবনের ছবি ধরা পড়ল। বাস চলাচল ছিল স্বাভাবিক এবং যাত্রীদের কোনও উল্লেখযোগ্য ভোগান্তির খবর মেলেনি। ফলে নিত্যযাত্রী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছেন। স্থানীয়দের একাংশের দাবি, বিগত বছরগুলিতে একুশে জুলাইকে কেন্দ্র করে দুই থেকে তিন দিন আগে থেকেই বহু বাস কলকাতামুখী সমাবেশের জন্য ব্যবহার করা হতো। এর জেরে সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হতো। তবে এ বছর সেই চিত্র দেখা যায়নি।
এই প্রসঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেড়া বলেন, ক্ষমতায় থাকাকালীন প্রশাসনিক প্রভাব খাটিয়ে তৃণমূল কংগ্রেস একুশে জুলাই পালন করত। যদি সত্যিই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয় হতো, তাহলে আজ সেই বিপুল সংখ্যক মানুষ কোথায়? শহীদ দিবস নিয়েও বিতর্ক রয়েছে। কংগ্রেসও এই দিনটিকে তাদের শহীদ দিবস বলে দাবি করে। তৃণমূল এখন দুটি শিবিরে বিভক্ত, ফলে কর্মী-সমর্থকদের মধ্যেও দ্বিধা তৈরি হয়েছে। ক্ষমতায় থাকাকালীন প্রভাব খাটিয়ে যা করা যেত, এখন আর তা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষও বুঝতে পারছেন, কীভাবে এ বছরের শহীদ দিবস পালিত হচ্ছে। তবে বিজেপির এই বক্তব্যের বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA