
কলকাতা, ২১ জুলাই (হি.স.): তাঁরা লড়াইয়ের ময়দান ছাড়ছেন না। মঙ্গলবার বিড়লা তারামন্ডলের সামনে কালীঘাট তৃণমূলের 'শহিদ স্মরণ' সমাবেশে মঞ্চ থেকেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা দেন।
শাসকদল বিজেপি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে এদিন তীব্র আক্রমণ শানান তিনি। কথা দেন, বাংলা থেকে বিজেপিকে উৎখাত করবেন৷ পাশাপাশি তিনি এদিন কড়া হুঁশিয়ারি দেন দলত্যাগীদেরও। সভা আয়োজনে নানা আইনি জটিলতা তৈরি হয়েছিল। সেই বাধা পেরোনোর জন্য কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানান অভিষেক।
রাজ্যের বর্তমান শাসকদলকে সরাসরি নিশানা করে তিনি বলেন, যারা একুশে জুলাইয়ের কর্মসূচি আটকাতে চেয়েছিল, ভারতীয় জনতা পার্টির সরকার৷ সেই একুশে জুলাই হল। সুর চড়িয়ে তাঁর প্রশ্ন, বিজেপি সরকার একুশে জুলাই আটকাতে পারলেন? শুভেন্দু অধিকারী একুশে জুলাই আটকাতে পারলেন? অমিত শাহ একুশে জুলাই আটকাতে পারলেন? কলকাতা পুলিশ একুশে জুলাই আটকাতে পারলেন?
মহামান্য কলকাতা হাইকোর্ট, বিচারপতি-সহ বিচার ব্যবস্থার প্রত্যেককে আমরা আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার বদল হয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি। পালাবদলের পর এটাই প্রথম একুশে জুলাই। যা পৃথকভাবে পালন করল ঘাসফুলের দুই শিবির৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত