
কলকাতা, ২১ জুলাই (হি.স.): মেয়ো রোডের সমান্তরাল একুশের মঞ্চ থেকেই দল ভাঙানোর চক্রান্তের বিরুদ্ধে সুর চড়ালেন বীরভূমের ওজনদার নেতা অনুব্রত মণ্ডল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তৃণমূলকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। মানুষের জন্য এই দল সব সময় লড়ে এসেছে এবং ভবিষ্যতেও লড়বে।
অনুব্রতর কথায়, তৃণমূলকে ভয় দেখিয়ে ভাঙা যাবে না। তৃণমূল আরও বড় হবে, সবার পাশে থাকবে দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস— যা সাধারণ মানুষের পাশে থাকে, পিছিয়ে পড়া মানুষের পাশে থাকে, গরিব মানুষের পাশে থাকে, দিনমজুর, কৃষক আর বেকার ছেলেমেয়েদের পাশে থাকে। এর নামই তৃণমূল!
দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি আশার আলো ছড়িয়ে অনুব্রত বলেন, আসুন, এবারে যা তৃণমূল দেখলেন, এর পরের বার দেখবেন তৃণমূল আরও বিরাট একটা আকার নিয়েছে। তৃণমূল মানুষের জন্য তৃণমূল। তাই বলব, সবাই মিলে এই তৃণমূলের পাশে থাকুন। আজ শহিদ পরিবারের জন্যই তৃণমূলের এই বাড়বাড়ন্ত।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, উপস্থিত জনসমাগম ও ভিড় টানার নিরিখে বিড়লা তারামণ্ডলের মমতাপন্থী শিবিরের চেয়ে মেয়ো রোডের ঋতব্রত শিবির খানিকটা পিছিয়ে থাকলেও, অনুব্রতর মতো দাপুটে নেতাদের উপস্থিতি ও তোপ দাগা রাজনৈতিক পারদ চড়িয়ে দিয়েছে অনেকটাই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত