
দুর্গাপুর, ২১ জুলাই (হি. স.) : রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ‘বিশ্ব বাংলা’র লোগো নিয়ে প্রশ্ন উঠছিল। কলকাতার পর এবার শিল্পশহর দুর্গাপুরের গুরুত্বপূর্ণ মোড় থেকে সরানো হলো ‘বিশ্ব বাংলা’র লোগো।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সিটি সেন্টারের ডিএমসি মোড়ে ‘বিশ্ব বাংলা’ গ্লোব তৈরি করেছিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)। রাজ্যের বর্তমান শাসকদলের দাবি, সরকার বদলালেও পূর্বতন তৃণমূল সরকারের প্রতীকচিহ্ন সরানো হয়নি। সেই বিতর্কেরই কার্যত ইতি টানা হলো।
দুর্গাপুরের অন্যতম পরিচিত স্থাপত্য ‘বিশ্ব বাংলা’ গ্লোবটি প্রশাসনের তত্ত্বাবধানে ক্রেনের সাহায্যে সরানোর ব্যবস্থা করা হয়। গ্লোব সরানোর সময় এলাকায় নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয় এবং যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়। ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। পথচারী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করে পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।
এই প্রসঙ্গে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “বিশ্ব বাংলার নাম করে আগের তৃণমূল সরকার অশোক স্তম্ভকে সরিয়ে দিয়েছিল। কিন্তু বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা এগোচ্ছে। তাই আবার অশোক স্তম্ভ তার যথাযথ মর্যাদা ফিরে পাচ্ছে। সেই কারণেই বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলা হচ্ছে।”
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা