
কলকাতা, ২১ জুলাই (হি.স.): শহীদ মিনারে ২১শের সভায় আসার পথে বহু জায়গায় তাদের কর্মীদের নিয়ে আসা বাসে ভাঙচুর চালিয়েছে বিজেপি। এর পাশাপাশি, মঙ্গলবার কিছু জায়গায় আবার কর্মীদের বাস আটকে রাখার অভিযোগ করেছে কংগ্রেস।
ক্যানিং রেলস্টেশনে কংগ্রেস কর্মীদের উপর হামলায় অভিযুক্ত বিজেপি। এই ঘটনার নিন্দা করে পুলিশকে উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বেলা বাড়ার পর শহিদ মিনার ময়দানে কংগ্রেসের ‘শহিদ সমাবেশে’ কর্মী-সমর্থকদের ভিড় ক্রমশ বাড়ে।
বিধানসভায় পেশ করা বিচার বিভাগীয় কমিশনের রিপোর্ট অনুযায়ী, ঘটনার সময়কার স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তের নির্দেশেই পুলিশ গুলি চালিয়েছিল বলে অভিযোগ উঠেছে। কংগ্রেসের তরফে ওই ঘটনায় দোষীদের শাস্তি দাবী তোলা হয়। মঞ্চে প্রদেশ কংগ্রেস নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন দীপা দাশমুন্সি, ইমরান প্রতাপগরি, পবন খেরা এবং উদয়ভানু চিবও।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত