
বারুইপুর, ২১ জুলাই (হি. স.): বারুইপুরের সূর্যপুর কাণ্ডে পুলিশের গাড়ি ভাঙচুর, অবরোধ সৃষ্টি, বেআইনি জমায়েত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে গ্রেফতার হওয়া সিপিআইএম নেতা লাহেক আলীকে প্রথমে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে আদালত তাঁকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
মঙ্গলবার সেই ৮ দিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার পর তদন্তকারী আধিকারিকরা লাহেক আলীকে ফের বারুইপুর মহকুমা আদালতে পেশ করেন। তদন্তের স্বার্থে আরও ৬ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। দীর্ঘক্ষণ উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর মহামান্য আদালত পুলিশের ৬ দিনের আবেদনে সম্পূর্ণ সায় না দিয়ে লাহেক আলীকে আরও ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, ঘটনার নেপথ্য, ভাঙচুর, অবরোধ এবং অন্যান্য অভিযুক্তদের ভূমিকা সম্পর্কে আরও তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই অতিরিক্ত হেফাজতের আবেদন করা হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী তিন দিন পুলিশি জিজ্ঞাসাবাদ চলবে।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা