
কলকাতা, ২১ জুলাই (হি স): একুশে জুলাইয়ের সমাবেশের আগের রাতে মঞ্চ ভাঙচুরের অভিযোগ তুলেছিল কালীঘাট তৃণমূল। কর্মসূচি ঘিরে অশান্তি, ভাঙচুরের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে তারা। কালীঘাট তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কী পদক্ষেপ করেছে, মঙ্গলবার তা জানতে চাইল আদালত।
কালীঘাট তৃণমূলের আইনজীবী অর্ক নাগ মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে জানান, তারা সোমবার রাতেই প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে ইমেল করে এই বিষয়ে অবহিত করেছেন।
তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি ভট্টাচার্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি)-র উদ্দেশে বলেন, “আদালতের নির্দেশ ছিল কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে বলা হয়েছিল পুলিশকে। তার পরেও কেন এমন ঘটনা?” তার পরেই বিচারপতির সংযোজন, “এই ধরনের ঘটনা বরদাস্ত নয়। আদালতের নির্দেশের পরেও কেন এমন হল?”
বিচারপতি জানান, তৃণমূলের আবেদনের ভিত্তিতে এক ঘণ্টা পরে আবার শুনানি হবে। পুলিশ কী পদক্ষেপ করেছে, তা জানাতে হবে আদালতকে। কোনও ধরনের অশান্তি যাতে না ঘটে জয়েন্ট কমিশনার অফ পুলিশকে তা নিশ্চিত করতে বলা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত