
কলকাতা, ২১ জুলাই (হি স)। একুশের সমাবেশ রিয়্যালিটি শো বা ক্যাটওয়াকের জায়গা নয়। মঙ্গলবার মেয়ো রোডের ২১শের স্মরণ-মঞ্চ থেকে এই মন্তব্য করেন 'বিদ্রোহী' তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সিরিয়ালের তারকাদের মঞ্চে বসিয়ে মূল কর্মীদের পেছনে ঠেলে দেওয়ার তীব্র প্রতিবাদ জানান তিনি।
ঘাসফুল শিবিরের আড়াআড়ি বিভাজনের আবহে এবার মমতাপন্থী 'কালীঘাট তৃণমূল'-কে তীব্র কটাক্ষ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমান্তরাল একুশের মঞ্চ থেকে প্রথাগত ২১ জুলাইয়ের পালনের ধরন নিয়ে একের পর এক তোপ দাগেন তিনি।
নাম না করে কালীঘাট শিবিরকে বিঁধে ঋতব্রত মন্তব্য করেন, “শহিদ দিবসে এতকাল বাস থেকে নামিয়ে সেলিব্রিটিদের নিয়ে এসে মঞ্চ আলোকিত করার চেষ্টা চলেছে। নেতা-কর্মীরা সেখানে স্থান পেতেন না। সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করা তারকা বা সিনেমার কলাকুশলীরা মঞ্চে জায়গা পেতেন, আর যাঁরা আসল সংগঠন সামলান, রাজনৈতিক নেতা-কর্মীরা পিছোতে পিছোতে পিছনের সারিতে চলে যেতেন। মিথ্যে মামলা হলে জমি বিক্রি করে কর্মীদের মুক্ত করার জন্য যাঁরা লড়াই করতেন, তাঁদের মর্যাদা দেওয়া হয়নি।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত