
হুগলি, ২১ জুলাই (হি.স.): মঙ্গলবার কালীঘাট তৃণমূলের সভায় যাওয়া কথা ছিল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অসিত মজুমদারের। সেই মতোই তৈরি হচ্ছিলেন তিনি। ওই সময় তাঁর বাড়িতে হাজির হয় চুঁচুড়া থানার পুলিশের একটি দল। প্রাক্তন তৃণমূল বিধায়ককে থানায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। জানা গেছে, তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল সিবিআই পরিচয় দিয়ে অসিতের বাড়ি গিয়ে হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে হাবরা থেকে এক যুবককে গ্রেফতার করে এনেছে চুঁচুড়া থানার পুলিশ। তাকে চিহ্নিত করতে অসিতবাবুকে ডাকা হয়েছে। কিন্তু পরবর্তীতে তোলাবাজির মামলায় গ্রেফতার করা হয় চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে। তাঁর অনুগামীদের অভিযোগ, পুলিশ অন্যায়ভাবে তাঁকে আটকে রেখেছে যাতে মমতার শহিদ সভায় যেতে না পারেন।
এর আগে গত ৩১ মে গ্রেফতার করা হয়েছিল অসিতবাবুকে। পুলিশের কাজে বাধা দেওয়া, তোলাবাজি, শ্লীলতাহানির একাধিক অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। ১৯ দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পান হুগলি জেলা তৃণমূল সভাপতি অসিত মজুমদার। এদিন তাঁকে গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে থানায় নিয়ে আসার সময় অসিতবাবু বলেন, সব আমার ভাগ্যের দোষ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত