
নদিয়া, ২১ জুলাই (হি.স.): মঙ্গলবার দুপুরে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল নবদ্বীপ মহাশ্মশান চত্বর। দাদুর মৃতদেহ দাহের সময় চুল্লিতে ঝাঁপ দিল তাঁর নাতি। উপস্থিত শ্মশানযাত্রীদের তৎপরতায় তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গেদে সীমান্তবর্তী এলাকা থেকে ওই বৃদ্ধের মৃতদেহ দাহের জন্য নবদ্বীপ মহাশ্মশানে আনা হয়েছিল। বৈদ্যুতিক চুল্লিতে দেহ প্রবেশ করানোর সময় আচমকাই ইন্দ্রজিৎ বিশ্বাস (৩০) নামে এক যুবক চুল্লির কাছে চলে যান এবং ঝাঁপ দেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েজন দ্রুত তাঁকে সরিয়ে আনেন কিন্তু যুবক অগ্নিদ্বগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। উদ্ধার করার সময় যুবক আহত হন এবং তাঁর শরীরের একাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল। কী কারণে ওই যুবক এমন আচরণ করলেন, তা এখনও স্পষ্ট নয়। শোকের আবেগে ঘটনাটি ঘটেছে নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত