
কলকাতা, ২১ জুলাই (হি স): রাজ্য পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী রাজ্য সরকার। মঙ্গলবার কসবায় ৫০টি নতুন এসি বাস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনে রাজ্যে আরও ইলেকট্রিক বাস চালু করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দেশের ১৭তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ওয়াটার মেট্রো পরিষেবা। পাশাপাশি কলকাতা মেট্রো পরিষেবার আরও সম্প্রসারণের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। মঙ্গলবার নতুন বাস উদ্বোধনের অনুষ্ঠানে এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানান, চিংড়িঘাটা এলাকায় দীর্ঘদিনের যানজটের সমস্যার সমাধান মাত্র ১৭ দিনে করা সম্ভব হয়েছে। রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, সরকারি পরিবহণ ব্যবস্থা উন্নত হলে রাজ্যের সামগ্রিক উন্নয়নের গতি আরও বাড়বে। রাজ্যের ঘাড়ে প্রায় ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে আধুনিক ও পরিবেশবান্ধব যানবাহন রাস্তায় নামানোর কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত