ভাঙড়ে ফের আক্রান্ত কলকাতা পুলিশ, কনস্টেবলকে মারধরের অভিযোগে চাঞ্চল্য
ভাঙড়, ২১ জুলাই (হি. স.) : রাজ্যে সরকার পরিবর্তনের পর পুলিশকর্মীদের উপর হামলার ঘটনায় কঠোর অবস্থানের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সেই সতর্কবার্তার মধ্যেই আবারও ভাঙড়ে কলকাতা পুলিশের এক কনস্টেবল আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে এসেছে।

কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অন্তর্গত পদ্মপুকুর এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তার উপর একটি বালি বোঝাই গাড়ি দাঁড় করিয়ে বেআইনিভাবে বালি খালাস করা হচ্ছিল। সেই সময় কর্তব্যরত কনস্টেবল অনন্ত কুমার রায় গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। পরে কয়েকজন ব্যক্তি কনস্টেবলকে ঘিরে মারধর করেন।

অভিযোগ, হামলায় কনস্টেবল অনন্ত কুমার রায়ের পরনের পোশাক ছিঁড়ে যায় এবং মুখে আঘাত লাগে। তাঁর সঙ্গে থাকা অন্যান্য পুলিশকর্মীরা কোনওরকমে তাঁকে উদ্ধার করে পোলেরহাট থানায় নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। যদিও এই ঘটনায় থানার পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনও সরকারি তথ্য এখনও সামনে আসেনি।

উল্লেখ্য, গত মাসেও পূর্ব কলকাতার জলাভূমি এলাকায় অবৈধ নির্মাণ রুখতে গিয়ে কলকাতা পুলিশের একাধিক পুলিশকর্মী ও আধিকারিক আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে ফের পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা ও পুলিশকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে, এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে এক পুলিশকর্মীকে মারধরের দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে ওই ভাইরাল ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা

 rajesh pande