
খড়গপুর, ২১ জুলাই (হি. স.): খড়গপুরে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে পশুপতি মহাপাত্র নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা অভিযুক্তের স্ত্রীর কাছে টিউশন পড়তে যেত। অভিযোগ, সেই সুযোগে পশুপতি মহাপাত্র দীর্ঘদিন ধরে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করছিল। ভয় এবং সামাজিক সংকোচের কারণে প্রথমে সে বিষয়টি কাউকে জানায়নি। পরে মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে।
মঙ্গলবার নাবালিকা যথারীতি টিউশন পড়তে গেলে অভিযুক্ত তাকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থার চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় নাবালিকার মা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা অভিযুক্তকে ঘর থেকে বের করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়