
কলকাতা, ২১ জুলাই (হি.স.) : ২১শের সভা ঘিরে বিজেপি এবং বিরোধী শিবিরের বিরুদ্ধে বাধার অভিযোগ তুললেন কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ‘বিদ্রোহী' তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁদের অভিযোগ, বিভিন্ন এলাকা থেকে তাঁদের শিবিরের কর্মীদের আসতে বাধা দেওয়া হয়। মহেশতলায় বিজেপির মণ্ডল সভাপতির বাস আটকে হুমকির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করার কথা জানান ঋতব্রত।
ঋতব্রতর দাবি, বিভিন্ন এলাকা থেকে তাঁদের সমর্থকরা যখন সভায় আসছিলেন, তখন তাঁদের উপর আক্রমণ করা হয়েছে এবং ভয় দেখিয়ে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঋতব্রতের হুঁশিয়ারি, বিজেপি যদি মনে করে রক্তচক্ষু দেখিয়ে আমাদের ঠেকাবে, তাহলে তারা ভুল করছে।
এদিকে, সোমবার মধ্যরাতে মঞ্চ ভাঙচুরের খবর পেয়েই বিড়লা তারামণ্ডলের সামনে, কালীঘাট তৃণমূলের সভামঞ্চে যান মমতা। সেখান থেকে তিনি বলেন, “আমাদের ছেলেদের সভায় আসতে বাধা দেওয়া হচ্ছে। শহিদ পরিবারগুলিকে পুলিশ সভায় না আসার জন্য ভয় দেখাচ্ছে। এ ভাবে গায়ের জোরে সবকিছু করা যায় না। আমরা তো শহিদ স্মরণ করছি। চারদিকে আমাদের মঞ্চ ভাঙা হচ্ছে, বিদ্যুৎ, মাইকের লাইন কেটে দেওয়া হয়েছিল, পোস্টার-ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে।”
মমতার অভিযোগ, “বিজেপির ৬০-৬৫ জনের গুন্ডাবাহিনী এসব করেছে। এর নেতৃত্বে রয়েছে এক জন ক্রিমিনাল। সে এখন আদালতের নির্দেশে বাইরে আছে। এক দিকে পুলিশ, অন্য দিকে বিজেপি-কে দিয়ে কী ভাবে অনুষ্ঠানটা ভেস্তে দেওয়া যায়, সেই চক্রান্ত হয়েছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত