
কলকাতা, ২১ জুলাই (হি. স. ) : দিল্লিতে নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকা ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে জাতীয় রাজনীতি উত্তপ্ত। আন্দোলনকারীদের উপর দিল্লি পুলিশের লাঠিচালনা ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনার পর আগেই কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তাঁর অবস্থান আরও স্পষ্ট করলেন তিনি।
বিড়লা তারামণ্ডল চত্বরে আয়োজিত তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা জানান, প্রয়োজন হলে তিনি নিজেই ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দেবেন। তাঁর বক্তব্য, “যে বেইমানি করবে তাঁকে সমর্থন করার দরকার নেই। দরকার হলে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে আমি নিজে যাব। প্রথম থেকেই আমাদের সমর্থন ছিল।”
এর আগে দিল্লিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা করেছিলেন মমতা। তাঁর প্রশ্ন ছিল, “যারা নিজের দেশের ছাত্রসমাজকেই ভয় পায়, তারা কেমন সরকার?”
একই সঙ্গে তিনি বলেন, এই দেশ কোনও একটি রাজনৈতিক দলের নয়; ছাত্র, কৃষক, শ্রমিক, মহিলা এবং সাধারণ মানুষের দেশ। তাঁদের কণ্ঠরোধ করে বা দমনপীড়নের মাধ্যমে গণতন্ত্রকে পরিচালনা করা যায় না বলেও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছিলেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত