
পশ্চিম মেদিনীপুর, ২১ জুলাই (হি. স.): প্রবল বৃষ্টির মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ঠাকুরবাড়ি বাজার সংলগ্ন মাধবপুর কুমোরপাড়া এলাকায় একটি বিশালাকার পাইথনকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রায় ১৫ ফুট লম্বা পাইথনটি একটি কৃষিজমিতে পাতা জালে আটকে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান সাপটিকে এক নজর দেখার জন্য।স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে কৃষিজমিতে কাজ করতে গিয়ে তাঁরা জালে আটকে থাকা বিশালাকার পাইথনটি দেখতে পান। এরপর দ্রুত খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয়রা বন দফতরের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত সাপটিকে নিরাপদে উদ্ধারের দাবি জানান।খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালান। কিছুক্ষণের মধ্যেই পাইথনটিকে নিরাপদে জাল থেকে উদ্ধার করে বন দফতরের কর্মীরা সেটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যায় বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়