
কলকাতা, ২১ জুলাই (হি. স. ) : “ছ’জন মোটর সাইকেল চালক যদি স্লোগান দেয় পুলিশ বা কীভাবে কী করবে?’’ তৃণমূলের ২১ জুলাই পালন-মঞ্চে সোমবার রাতের হামলার অভিযোগ প্রসঙ্গে মঙ্গলবার হাইকোর্টে এই মন্তব্য করেন অ্যাডভোকেট জেনারেল।
তিনি বিচারপতিকে বলেন, “মঞ্চ ক্ষতিগ্রস্ত হয়নি। সঙ্গে সঙ্গে পুলিশ নজর দিয়েছিল। পুলিশের পক্ষ থেকে তাদের (কালীঘাট তৃণমূল) একটা লিখিত অভিযোগ দিতে বলা হয় বারবার। কিন্তু দেওয়া হয়নি।’’
বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এদিন এই শুনানি হয়৷ তৃণমূলের অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি জানতে চান, এই কর্মসূচির নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? তিনি এই নিয়ে কলকাতা পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেন৷
সেই রিপোর্ট আসার পর বেলা সওয়া ১২টায় দ্বিতীয় দফায় মামলার শুনানি হয়৷ তখনই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
মঞ্চ ভাঙচুরের ঘটনা নিয়ে এদিন দ্বিতীয় দফার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে বলেন, কিছু মোটরসাইকেল চালক রাস্তার উল্টো দিক থেকে স্লোগান দিচ্ছেলেন। বাদানুবাদ হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ‘‘ইলেকট্রিশিয়ানকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। গত শুক্রবার পুলিশের কাছে আবেদন করতে নির্দেশ দিয়েছিল আদালত। তারপর এই ধরনের ঘটনা একেবারেই অভিপ্রেত নয়। আমি যুগ্ম কমিশনারের রিপোর্ট চাই।’’ তখন অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘‘কোনও ট্রাফিক ব্লক হয়নি।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত