
আরামবাগ , ২১ জুলাই (হি.স.): অন্নপূর্ণা যোজনার ফর্মের পুনঃমূল্যায়নের কাজ থেকে অব্যাহতি-সহ একাধিক দাবিতে মঙ্গলবার আরামবাগে এসডিও ও বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পাসার ইউনিয়ন।
জানা গেছে, মঙ্গলবার আরামবাগ সিডিপিও অফিস থেকে পদযাত্রা করে এসডিও ও বিডিও দফতরে পৌঁছান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অন্নপূর্ণা যোজনার ফর্মের পুনঃভেরিফিকেশনের সময় কোনও সরকারি আধিকারিক উপস্থিত থাকেন না। ফলে যাঁরা এখনও প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন না, তাঁরা ক্ষোভের মুখে অঙ্গনওয়াড়ি কর্মীদেরই দায়ী করছেন। এর জেরে কর্মীদের প্রায়শই অপ্রিয় পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
এছাড়াও ডেপুটেশনে কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুদের জন্য পরিপূরক পুষ্টির মান উন্নয়ন এবং সেই লক্ষ্যে বরাদ্দ অর্থ বৃদ্ধির দাবি জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA