
আরামবাগ, ২১ জুলাই (হি.স.): হুগলির কামারপুকুরে আদালতের নির্দেশে মঙ্গলবার প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল একটি অবৈধ নির্মাণ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কামারপুকুর সিনেমাতলা এলাকার বাসিন্দা সহদেব ঘোষ অভিযোগ করেন, গুরুপদ মাইতি নামে এক ব্যক্তি তাঁর জমির সামনে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ করে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন। তিনি দীর্ঘদিন ধরে নিজের জমিতে যাতায়াত করতে পারছিলেন না। এই পরিস্থিতিতে তিনি আদালতের দ্বারস্থ হন।
আদালতের পক্ষ থেকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও গুরুপদ মাইতি তা উপেক্ষা করেন। এরপর আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। সহদেব ঘোষ আরও অভিযোগ করেন, গুরুপদ মাইতি এলাকার বাসিন্দা নন এবং তিনি অবৈধভাবে ওই জায়গা দখল করেছিলেন। পাশাপাশি তিনি দাবি করেন, গুরুপদ মাইতির পরিবারের লোকজন মার্ডার কেসের আসামি। প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA