
মরিগাঁও (অসম), ২২ জুলাই (হি.স.) : মরিগাঁও জেলার অন্তৰ্গত লাহরিঘাটে এক সড়ক দুর্ঘটনায় ভুরাগাঁও জাতীয় বিদ্যালয়ের আটজন ছাত্র আহত হয়েছে। তাদের মধ্যে জিশওয়ান আহমেদ নামের এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে মরিগাঁও সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, ভুরাগাঁও জাতীয় বিদ্যালয়ের আটজন ছাত্রকে নিয়ে একটি সিএনজি ভ্যান পাকা বাঁধের রাস্তা দিয়ে যাওয়ার সময় তেঙ্গাগুড়ি কাছারিগাঁও এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে সিএনজি ভ্যানটি রাস্তা থেকে ছিটকে নীচে জলাশয়ে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনায় ভ্যানের আটজন ছাত্রই কমবেশি আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শিয়ালমারি রাজ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত জিশওয়ান আহমেদকে উন্নত চিকিৎসার জন্য মরিগাঁও সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস