কুণাল ঘোষের সঙ্গে বিধানসভার ভেতরের আচরণের নিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২২ জুলাই (হি.স.): বেলেঘাটার বিধায়ক শ্রী কুণাল ঘোষের সঙ্গে বিধানসভার ভেতরে যে আচরণ করা হয়েছে এবং যেভাবে তাঁকে বলপ্রয়োগ করে বের করে দেওয়ার অভিযোগ সামনে এসেছে, তার তীব্র নিন্দা জানাই। বুধবার সমাজ মাধ্যমে এভাবেই নিজের ক্ষোভ ব্যক্ত করলেন ত
কুণাল ঘোষের সঙ্গে বিধানসভার ভেতরের আচরণের নিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ২২ জুলাই (হি.স.): বেলেঘাটার বিধায়ক শ্রী কুণাল ঘোষের সঙ্গে বিধানসভার ভেতরে যে আচরণ করা হয়েছে এবং যেভাবে তাঁকে বলপ্রয়োগ করে বের করে দেওয়ার অভিযোগ সামনে এসেছে, তার তীব্র নিন্দা জানাই। বুধবার সমাজ মাধ্যমে এভাবেই নিজের ক্ষোভ ব্যক্ত করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়|

এদিন সমাজ মাধ্যমে তিনি আরও লেখেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত প্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। বিধানসভা হওয়া উচিত যুক্তি, বিতর্ক ও গণতান্ত্রিক মূল্যবোধের পীঠস্থান—শারীরিক বলপ্রয়োগ বা ভয় দেখানোর নয়। একজন নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এমন আচরণ শুধু তাঁর ব্যক্তিগত মর্যাদার উপর আঘাত নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মর্যাদাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়।

পশ্চিমবঙ্গে ক্রমশ এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে, যেখানে ভিন্নমতকে দমন করাই যেন শাসকদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। এই প্রবণতা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।গণতন্ত্রে শক্তির নয়, যুক্তি ও সহনশীলতারই জয় হওয়া উচিত।

তৃণমূল কংগ্রেসকে এভাবে ভয় দেখিয়ে বা বলপ্রয়োগ করে কখনও স্তব্ধ করা যাবে না। গণতন্ত্রের কণ্ঠরোধের প্রতিটি প্রচেষ্টার বিরুদ্ধে আমরা আরও দৃঢ়ভাবে, আরও ঐক্যবদ্ধভাবে মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাব। অন্যায়ের সামনে মাথা নত করা আমাদের আদর্শ নয়, আর হবেও না।

উল্লেখ্য, বিধানসভায় তৃণমূলের (ঋতব্রত শিবিরের) বিধায়ক তথা মুখ্য সচেতক আখরুজ্জামানের নাম বুধবার বক্তা হিসাবে দেওয়া হয়। এই পরিস্থিতিতে আখরুজ্জামান বক্তৃতা করতে উঠলে তৃণমূল (কালীঘাট-পন্থী) বিধায়ক কুণাল ঘোষ তাতে বাধা দেন। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কুণালকে সতর্ক করেন স্পিকার। শেষমেশ কুণালকে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে তুলে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। কুণালকে বের করে দেওয়ার প্রতিবাদে কালীঘাট-পন্থী তৃণমূলের অন্য বিধায়কেরাও কক্ষ ত্যাগ করেন। কুণালকে বের করে দেওয়ার পাশাপাশি, এদিনের অধিবেশনের জন্য নিলম্বিত করা হয়েছে তাঁকে। বিধানসভার স্পিকার কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে কুণালকে বুধবারের অধিবেশনের জন্য নিলম্বিত করেন। আখরুজ্জামানের সঙ্গে কুণালের অভব্যতার ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande