
হাইলাকান্দি (অসম) ২২ জুলাই (হি.স.) : হাইলাকান্দি জেলায় আগস্ট মাসের জন্য জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের বরাদ্দ ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা কমিশনারের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত অন্নসেবা দিবস উপলক্ষে উপভোক্তাদের মধ্যে ই-পোস (ইলেকট্রনিক পয়েন্ট অব সেল) যন্ত্রের মাধ্যমে বিনামূল্যে চাল বিতরণ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্ত্যোদয় অন্ন যোজনা (এএওয়াই)-এর প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে ৩৫ কেজি করে চাল দেওয়া হবে। অন্যদিকে, প্রায়োরিটি হাউসহোল্ড (পিএইচএইচ) শ্রেণির কার্ডধারী পরিবারের প্রতিটি সদস্য ৫ কেজি করে বিনামূল্যে চাল পাবেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত উপভোক্তাকে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ন্যায্যমূল্যের দোকানে উপস্থিত হয়ে ই-পোস যন্ত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে খাদ্যশস্য গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি খাদ্যশস্য বিতরণে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সকল রেশন বিক্রেতাকে সরকারি নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস