
শিলিগুড়ি, ২২ জুলাই (হি.স.): হঠাৎই দেখা গেল ধোঁয়া, তারপরেই আগুনের শিখা| বুধবার অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি পুরসভা চত্বরে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন পুরসভার জেনারেটর রুমে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| পুরসভার কর্মী ও সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন অনেকে| তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিন সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে পুরসভা ভবন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ