নতুন রূপে সাজবে কলেজ স্ট্রিট, নো-ভেহিকল জোনের পরিকল্পনা
কলকাতা, ২২ জুলাই (হি. স.): কলেজ স্ট্রিটকে আধুনিক ও আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে যৌথ পরিদর্শনে নামলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পাণ্ডে, কেএমডিএ-র সিইও নীত
অগ্নিমিত্রা পাল


কলকাতা, ২২ জুলাই (হি. স.): কলেজ স্ট্রিটকে আধুনিক ও আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে যৌথ পরিদর্শনে নামলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পাণ্ডে, কেএমডিএ-র সিইও নীতিন সিংহানিয়া এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল কলেজ স্ট্রিটের সার্বিক উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্য রূপরেখা নির্ধারণ করা।পরিদর্শন শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, কলেজ স্ট্রিটের একটি নির্দিষ্ট রাস্তা ‘নো-ভেহিকল জোন’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই এলাকায় শুধুমাত্র সাইকেল এবং ই-কার বা ব্যাটারিচালিত পরিবেশবান্ধব যানবাহন চলাচলের অনুমতি থাকবে। এর ফলে পথচারীদের চলাচল সহজ হবে এবং এলাকার ঐতিহ্য বজায় রেখেই পরিবেশবান্ধব পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে।মন্ত্রী আরও জানান, কলেজ স্ট্রিটের বইয়ের দোকানগুলিকে সুসংগঠিতভাবে একত্রিত করে একই নকশায় সাজানোর পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে।অগ্নিমিত্রা পাল বলেন, পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিক, কেএমডিএ-র বিশেষজ্ঞ এবং অন্যান্য অভিজ্ঞ ব্যক্তিদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হবে। ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিটকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন, সুপরিকল্পিত এবং পর্যটকবান্ধব এলাকায় রূপান্তর করাই সরকারের লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande