
মুর্শিদাবাদ, ২২ জুলাই (হি.স.): এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং দু’টি কার্তুজ।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম রাজীব শেখ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর আসে যে জামালপুর জিরো পয়েন্ট এলাকায় এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে এবং তার কাছে বেআইনি অস্ত্র রয়েছে। খবর পেয়েই সাগরপাড়া থানার পুলিশ দ্রুত জামালপুর জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন রাজীব শেখকে প্রথমে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং দু'টি কার্তুজ। তারপরে তাকে গ্রেফতার করা হয়| কী উদ্দেশ্যে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার ধৃতকে আদালতে পেশ করা হয়। ওই ব্যক্তির সঙ্গে অন্য কোনও চক্র জড়িত রয়েছে কিনা| এছাড়া অস্ত্রের উৎস জানতে তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ