
হাওড়া, ২২ জুলাই (হি.স.): হাওড়ায় দীর্ঘদিন ধরে চলা একটি তোলাবাজি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। হাওড়া শহরের হোটেলের মালিক, বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ ও প্রোমোটারদের ভয় দেখিয়ে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার করা হলো হাওড়া পুরসভার এক আধিকারিককে| মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে| পাশাপাশি গ্রেফতার করা হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাকেও। বুধবার ধৃতদের আদালতে পেশ করবে পুলিশ|
বুধবার জানা গিয়েছে, সম্প্রতি হাওড়া স্টেশন চত্বরের এক হোটেল মালিকের কাছে গিয়ে হোটেলটি বেআইনিভাবে নির্মাণ হয়েছে বলে অভিযোগ তোলেন পুরসভার ওই আধিকারিক। বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করা হয়। এমনকী, ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তারপরেই পুলিশের কাছে অভিযোগ জানান ওই হোটেল মালিক। অভিযোগ পেয়েই মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে প্রথমে পুর-আধিকারিককে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে রাতেই ধরা হয় তাঁর অন্যতম সহযোগী ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাকে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ