
শ্রীভূমি (অসম) ২২ জুলাই (হি.স.) : টানা বর্ষণ ও উজানের ঢলের জেরে শ্রীভূমি জেলার নদ-নদীগুলির জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের উদ্দেশে একাধিক সতর্কতামূলক নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। সম্ভাব্য বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে দুর্যোগ মোকাবিলা শাখা নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীতে নেমে মাছ ধরা, স্রোতে ভেসে আসা গাছ, বাঁশ কিংবা অন্যান্য সামগ্রী সংগ্রহের চেষ্টা না করতে। নদীর জল বিপদসীমার উপরে প্রবাহিত হলে নৌকা চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জলস্তর আরও বৃদ্ধি পেলে বৈদ্যুতিক লাইনের নিচ দিয়ে যাতায়াতের সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অবিরাম বর্ষণের ফলে জেলার বিভিন্ন টিলা এলাকায় মাটি নরম হয়ে ভূমিধসের আশঙ্কাও তৈরি হয়েছে। তাই টিলা সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষকে অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়া এবং যেকোনও অস্বাভাবিক পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল ৪টা পর্যন্ত লাইম ফ্যাক্টরি এলাকায় কুশিয়ারা নদী বিপদসীমার প্রায় ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে চাঁদকিরায় লঙ্গাই নদী এবং আনিপুরে সিংলা নদী এখনও বিপদসীমার নিচে রয়েছে। যদিও তিনটি নদীরই জলস্তর ঊর্ধ্বমুখী হওয়ায় প্রশাসন পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।
এদিকে বুধবার সন্ধ্যা ৬টায় জারি হওয়া সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় শ্রীভূমি সদর ও বদরপুর রাজস্ব চক্রে নদীগুলির জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জেলা প্রশাসনের নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা শাখা ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস