
কোচবিহার, ২২ জুলাই (হি.স.): অবশেষে পুলিশের জালে কোচবিহারের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। বুধবার দুপুরে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে|
জানা গেছে, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানো-সহ বেশ কয়েকটি গুরুতর মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তিনি আত্মগোপন করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই পুলিশ খুঁজছিল এই তৃণমূল নেতাকে। এর আগে তাঁর বাড়িতে একাধিকবার গিয়ে তল্লাশিও চালায় পুলিশ| কিন্তু সেই সময় তাঁকে পাওয়া যায়নি। অবশেষে গোপন খবরের ভিত্তিতে বুধবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে কোচবিহারে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ