
কোচবিহার, ২২ জুলাই (হি.স.): পুরপ্রধানের পদত্যাগের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন করে চাঞ্চল্য ছড়াল কোচবিহার পুরসভায়। এবারে ইস্তফা দিলেন একাধিক কাউন্সিলর। বুধবার একসঙ্গে পুরসভার দু'জন তৃণমূল কাউন্সিলর তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁরা যথাক্রমে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহা ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা|
এদিন জানা গেছে, উভয় কাউন্সিলরই তাঁদের পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। সম্প্রতি পুরপ্রধান পদত্যাগ করেছিলেন| তারপরেই এই দুই কাউন্সিলরের ইস্তফা| তাঁদের এই আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে জেলার রাজনীতির অলিন্দে শুরু হয়েছে জল্পনা। সেই সঙ্গে, পুরপ্রধানের পদত্যাগের পর পরপর দুই কাউন্সিলরের ইস্তফার ঘটনায় এলাকায় নাগরিক পরিষেবা নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ